ডিজিটাল রূপান্তর ও পরিচালনগত দক্ষতাকে আরো এগিয়ে নিতে
গ্রামীণফোন এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির মধ্যে চুক্তি
দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন বাংলাদেশ আনসার ও ভিডিপির সাথে পাঁচ বছরের জন্য একটি কৌশলগত পার্টনারশিপ করেছে। বাংলাদেশ আনসার ও ভিডিপি হচ্ছে দেশের অন্যতম বৃহৎ সুশৃঙ্খল বাহিনী যারা জাতীয় নিরাপত্তা, সামাজিক সুরক্ষা ও আর্থ-সামাজিক অগ্রগতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
প্রযুক্তি ও সংযোগকে কাজে লাগিয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার করতে, পরিচালনগত দক্ষতা বাড়াতে এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির চলমান ডিজিটাল রূপান্তরের অগ্রগতিতে অবদান রাখতে দুই প্রতিষ্ঠানের অভিন্ন প্রতিশ্রুতির প্রতিফলন এই পার্টনারশিপ।
চুক্তির আওতায়, দেশজুড়ে বাংলাদেশ আনসার ও ভিডিপির কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট যোগাযোগের আধুনিকায়ন এবং প্রযুক্তি-নির্ভর সেবা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে গ্রামীণফোনের দেশব্যাপী বিস্তৃত সংযোগ, ডিজিটাল অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা।
গ্রামীণফোনের হেড অব গভর্মেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক বিজনেস নুরুল ফেরদৌস মুসান্না এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির ডিরেক্টর (অপারেশনস) মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী, বিভিএম সম্প্রতি ঢাকার খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও ভিডিপির সদর দপ্তরে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এসময় গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, চিফ বিজনেস অফিসার (সিবিও) ড. আসিফ নাইমুর রশীদ, হেড অব ল এনফোর্সমেন্ট এজেন্সিস বিজনেস হেলাল উদ্দিন আহমেদ, গভর্মেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক বিজনেসের কি অ্যাকাউন্ট ম্যানেজার কাজী নুসরাত এবং গভর্মেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক বিজনেসের স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার আরমান সিকদার উপস্থিত ছিলেন।
বাংলাদেশ আনসার ও ভিডিপির পক্ষে উপস্থিত ছিলেন ডিরেক্টর জেনারেল (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি; এডিশনাল ডিরেক্টর জেনারেল (এডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, এনডিসি, পিএসসি; ডেপুটি ডিরেক্টর জেনারেল (অ্যাডমিনিস্ট্রেশন) কর্নেল বায়জিদ মোহাম্মদ তারেক জুনায়েদ, পিএসসি, জি, পিএইচডি; ডেপুটি ডিরেক্টর জেনারেল (ট্রেনিং) মো. রফিকুল ইসলাম, বিভিএম, পিভিএমএস, বিভিএমএস; ডেপুটি ডিরেক্টর (কমিউনিকেশন) কাউসার জাহান এবং প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বাংলাদেশ আনসার ও ভিডিপির ডিরেক্টর জেনারেল (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি বলেন, “যেহেতু বাংলাদেশ আনসার ও ভিডিপি ক্রমাগত আধুনিকায়ন ও পরিচালনগত দক্ষতার দিকে মনযোগ দিয়েছে, তাই আমাদের ভবিষ্যতের পথচলার অন্যতম চালিকাশক্তি হচ্ছে প্রযুক্তি। আমাদের ডিজিটাল সক্ষমতা ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়াতে গ্রামীণফোনের সাথে এই পার্টনারশিপ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন আরও সংযুক্ত, কর্মতৎপর ও ভবিষ্যত-উপযোগী একটি বাহিনী গড়ে তুলতে একসাথে কাজ করার অপেক্ষায় রয়েছি আমরা।”
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, “জাতীয় অগ্রগতির জন্য প্রযুক্তিকে কাজে লাগাতে উভয় প্রতিষ্ঠানের অভিন্ন প্রতিশ্রুতির প্রতিফলন এই পার্টনারশিপ। আমাদের ডিজিটাল অভিজ্ঞতা এবং সংযোগ সংশ্লিষ্ট সেবার মাধ্যমে বাংলাদেশ আনসার ও ভিডিপির ডিজিটাল রূপান্তরের অগ্রযাত্রায় সহযোগী হতে পেরে আমরা গর্বিত। যৌথভাবে আমাদের লক্ষ্য হচ্ছে পরিচালনগত সক্ষমতা জোরদার করা, দক্ষতা বাড়ানো এবং আরও স্মার্ট ও প্রযুক্তি-নির্ভর সেবা চালু করা, যা বাংলাদেশের মানুষের জন্য টেকসই সুবিধা নিশ্চিত করবে।”
উল্লেখ্য, ৮ কোটি ৪২ লাখ গ্রাহক নিয়ে বাংলাদেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। এটি টেলিনর গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান। সমাজের ক্ষমতায়ন ও ডিজিটাল বৈষম্য হ্রাসের লক্ষ্য নিয়ে ১৯৯৭ সালে যাত্রা শুরুর পর থেকে গ্রামীণফোন দেশব্যাপী সর্ববৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলেছে, যা দেশের ৯৯ শতাংশেরও বেশি মানুষকে কভার করে। সংযোগের শক্তিকে কাজে লাগিয়ে সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিতে এবং গ্রাহকদের ডিজিটাল জীবনধারা আরও সমৃদ্ধ করতে সংকল্পবদ্ধ কোম্পানিটি। এজন্য ভবিষ্যৎ উপযোগী ও গ্রাহক-কেন্দ্রিক প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠানে পরিণত হওয়ার অভিযাত্রায় প্রতিনিয়ত উদ্ভাবন করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। গ্রামীণফোন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত একটি কোম্পানি।